দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ জন। সব মিলিয়ে হাম উপসর্গে ও ডেঙ্গুতে মোট ১২ জনের মৃত্যু হলো।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯৯ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের। এই নিয়ে সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ১ হাজার ১৭৭ শিশু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২২ হাজার ৮৪০ জন। এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩৯০ শিশু। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ৫, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৬২ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। আর নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৬৫ জন।