টানা ৩০ ঘণ্টার বন্দিদশা থেকে উদ্ধার হওয়ার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রেখেছেন। উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। সুস্থ হওয়ার পর তিনি পুনরায় উপাচার্যের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। এদিকে শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা : নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলম ক্যাম্পাস ছেড়ে গেলেও পূর্ববর্তী উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত ‘কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, আমাদের ‘কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি চলবে। এদিকে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনও চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব। তিনি বলেন, উপাচার্য ক্যাম্পাস ছেড়েছেন, কিন্তু পদত্যাগ করেননি। আমরা আমাদের দাবিতেই অটল আছি। বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসে পূজার ছুটি শুরু হচ্ছে। বন্ধেও শাটডাউন চলবে। সায়েম স্যারকে পুনর্বহাল করলে শাটডাউন তুলে নেওয়া হবে।
যা বললেন উপাচার্য : হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুঠোফোনে উপাচার্য দেশ রূপান্তরকে বলেন, সরকারের পক্ষ থেকে আগে সুস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। আমি সুস্থ হয়ে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। পাশাপাশি উপাচার্যের দায়িত্ব পালন করব। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও আলোচনা করব। সমস্যা কীভাবে নিরসন করা যায়, ক্লাস-পরীক্ষা শুরু করা যায়, সে বিষয়ে কথা বলব।