ফেরিঘাট মানেই অপেক্ষা। কখনো গন্তব্যে পৌঁছানোর তাড়া, কখনো প্রিয়জনের কাছে ফেরার আকুলতা, কখনো জীবিকার প্রয়োজনে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রস্তুতি। ফেরির ভেঁপু বাজলে কেউ ছুটে যান গন্তব্যের দিকে, কেউ অপেক্ষা করেন পরের ফেরিটির জন্য। এরই মধ্যে কেউ মাথায় বোঝা নিয়ে হাঁটেন, কেউ রিকশার প্যাডেলে পা রাখেন, আবার কেউ নদীপাড়ের ছোট্ট দোকানে সাজিয়ে রাখেন পণ্যের পসরা। নদী পারাপারের এই ব্যস্ততার আড়ালে প্রতিদিন জড়িয়ে থাকে অসংখ্য মানুষের জীবন, স্বপ্ন আর সংগ্রামের গল্প। পাটুরিয়া ফেরিঘাট তাই শুধু পারাপারের একটি পথ নয়; অনেকের কাছে এটি দীর্ঘ অপেক্ষার অভিজ্ঞতা কিংবা বাড়ি ফেরার স্মৃতি।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘আলোর ইশকুল’ কর্মসূচির আলোকচিত্র কোর্সের ১১তম আবর্তনের ৫৯ জন শিক্ষার্থী ক্যামেরায় ধারণ করেছেন পাটুরিয়া ফেরিঘাটের এমনই নানা মুহূর্ত। তাদের তোলা ৫৯টি ছবির প্রদর্শনী ‘এক ঘাট, অনেক গল্প ৃ ফেরিঘাটের জীবন’।
গত ৮ অক্টোবর এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের পঞ্চম তলার চিত্রশালায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।