আকিজের কারখানা পরিদর্শনে জার্মান রাষ্ট্রদূত

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ এএম

নারায়ণগঞ্জে আকিজ রিসোর্সের আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড ও আকিজ এসেনসিয়ালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। সাম্প্রতিক এ পরিদর্শনে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি, পণ্যের গুণগত মান এবং পরিবেশবান্ধব শিল্পায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত ও তার প্রতিনিধি দল কারখানা দুটির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ ও শিল্প পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন। এ সময় প্রযুক্তির কার্যকর ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও জার্মানির শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, ‘জার্মান দূতাবাসের প্রতিনিধি দলকে আমাদের উৎপাদন স্থাপনাগুলোয় স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। আমরা বিশ্বাস করি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নিয়মিত যোগাযোগ বাংলাদেশ ও জার্মানির মধ্যে শিল্প ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে সহায়ক হবে।’

আকিজ বিল্ডিং সলিউশনসের ক্লাস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুল হক সুফিয়ানী বলেন, ‘বাংলাদেশের শিল্প খাত ক্রমাগত আধুনিকায়নের মধ্য দিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় প্রযুক্তি, পণ্যের গুণগত মান, দক্ষতা এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মান রাষ্ট্রদূতের এই সফর আমাদের উৎপাদন সক্ষমতা ও শিল্পকার্যক্রম তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত