ওভারফ্লো জোন খুলছে প্রতিমন্ত্রীর নির্দেশে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ এএম

আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কাভার করতে গিয়ে জাতীয় স্টেডিয়ামে জায়গার সংকটে পড়তে হতো ক্রীড়া সাংবাদিকদের। দীর্ঘদিনের এ সমস্যার সমাধানে এবার উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই কার্যকর হবে এ সিদ্ধান্ত।

 অভিযোগ রয়েছে, মিডিয়া বক্সের ওপরের ওভারফ্লো জোনটি সাংবাদিকদের ব্যবহারের সুযোগ না দিয়ে অন্য প্রতিষ্ঠানের কাছে বরাদ্দ দেওয়া হতো। এ নিয়ে সাংবাদিকরা বারবার দাবি জানালেও কার্যকর সমাধান আসেনি। সামনে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ। তাই বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনেন ক্রীড়া সাংবাদিকরা। তাদের বক্তব্য শুনে স্টেডিয়াম পরিদর্শন করেন আমিনুল হক। এরপর ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ফুটবল ম্যাচ কাভার করার জন্য ওভারফ্লো জোন সাংবাদিকদের ব্যবহারের সুযোগ দিতে নির্দেশ দেন তিনি। সিদ্ধান্তটি ভবিষ্যতে পরিবর্তন হবে কি না এমন প্রশ্নে আমিনুল হক বলেন, ‘আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এ সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত