পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পেশোয়ারে স্কুলের ছাদ ধসের ঘটনায় পুরো জাতি গভীরভাবে শোকাহত।

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম

পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। 

বিবিসিকে এ তথ্য জানিয়েছেন পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম।

তিনি জানান, নিহত ও আহত শিশুদের অধিকাংশের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে। আহতদের অনেকেরই মাথায় আঘাত লেগেছে। এদিকে, সন্তানদের খোঁজে হাসপাতালে ছুটে এসেছেন বহু অভিভাবক। তাঁদের ভিড় সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সহায়তা চেয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পেশোয়ারে স্কুলের ছাদ ধসের ঘটনায় পুরো জাতি গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, আমাদের শিশুরা সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের প্রত্যেকের এমন মৃত্যু পুরো দেশের জন্যই একেকটি মর্মান্তিক ট্র্যাজেডি।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ইসহাক দার বলেন, শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইল।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ও সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইসহাক দার বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক সহায়তা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে দেশের স্কুলগুলোতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত