অপহরণের ২১ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার, দুলাভাই গ্রেপ্তার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম

হবিগঞ্জে বাড়ির সিঁদ কেটে ঘুমন্ত অবস্থায় মায়ের কাছ থেকে অপহৃত পাঁচ বছরের শিশু সানি মাহমুদ ইয়াসিনকে ২১ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির দুলাভাই জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদই গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার বাড়ির সিঁদ কেটে ঘুমন্ত শিশু সানিকে তার মায়ের কাছ থেকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তার মা।

হবিগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই গ্রামের জিসানের সঙ্গে শিশুটির বড় বোন শাকিলার বিয়ে হয়। বিয়ের আগে থেকেই শাকিলা সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বিয়ের কিছুদিন পর তিনি আবার কর্মস্থলে চলে যান। জিসানের চালচলন সন্তোষজনক না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়।

একপর্যায়ে শাকিলা জিসানকে তালাক দেওয়ার সিদ্ধান্তের কথা জানালে তিনি ক্ষুব্ধ হন। পরে ভাগনে বিজয়, প্রতিবেশী কাজল ও বাবলুসহ মোট চারজন মিলে ঘর থেকে শিশু সানিকে তুলে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ জিসানকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, বুধবার রাত ১১টার দিকে বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নের রতনপুর গ্রামে তার ভাগনে বিজয়ের বাড়ি থেকে শিশু সানিকে উদ্ধার করা হয়।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ধারণা করা হচ্ছে, স্ত্রীকে তালাকের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে শ্যালক শিশু সানিকে অপহরণ করেন জিসান। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত