সৌদি ফেরত গৃহকর্মী রেহেনাকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

হবিগঞ্জের মাধবপুরে সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা গৃহকর্মী রেহেনা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইউএনওর কার্যালয়ে রেহেনা খাতুনের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাফিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় উপস্থিত ছিলেন।

সহায়তা গ্রহণের সময় রেহেনা খাতুন তার নির্যাতনের অভিজ্ঞতা, আর্থিক সংকট ও ঋণগ্রস্ততার কথা কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ও দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা নেওয়াসহ আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

রেহেনা খাতুন বলেন, 'ইউএনও স্যারের এই সহযোগিতা আমি চিরদিন মনে রাখব। আমি অনেক ঋণগ্রস্ত। এই টাকা আমার অনেক কাজে আসবে। পাশাপাশি সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।'

ইউএনও মেহেদী হাসান বলেন, 'রেহেনা খাতুন আমাদের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।'

এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা এমএম গউস বলেন, মধ্যপ্রাচ্যে নির্যাতিত নারীদের উদ্ধার ও পুনর্বাসনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো কাজ করে থাকে। রেহেনা খাতুনকে ইউএনওর এই আর্থিক সহযোগিতাকে তিনি সাধুবাদ জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত