ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে প্রায়ই ২ হাজার জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৩১ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে প্রায়ই ২ হাজার জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ডেঙ্গুতে ৪ জন মারা যায়। একই সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ এবং ঢাকা বিভাগে একজন মারা যায়। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগেই ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়াও চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮, খুলনা বিভাগে ২৩৪, রাজশাহী বিভাগে ২৩০, বরিশাল বিভাগে ১৯৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭, ময়মনসিংহ বিভাগে ১০০, রংপুর বিভাগে ৭০ এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩১ জন মারা গেছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৫১ জন মারা গেছেন। এছাড়া উল্লেখিত সময় খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২, বরিশাল বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ২৩, রংপুর বিভাগে ৬ এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ জন মারা যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত