ঢাকেশ্বরীতে মহাষষ্ঠীর পূজার্চনায় শুরু শারদীয় দুর্গোৎসব

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্যমতে, এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে পূজা হচ্ছে ২৫৮টি মণ্ডপে।

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পিএম
ঢাক, শঙ্খ, ঘণ্টার শব্দ আর মন্ত্রোচ্চারণ ও উলুধ্বনির আনন্দঘন পরিবেশে শুভ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। আজ শুক্রবার সকাল ৯টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনের বেলতলায় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কৈলাস থেকে বেলতলায় দেবীর আমন্ত্রণের মধ্য দিয়েই সূচনা ঘটে এই উৎসবের।

পূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরের বেলতলা সাজানো হয় বর্ণিল ফুলে। নৈবেদ্য হিসেবে রাখা হয় ফলমূল, দই ও নানা প্রসাদ। সকাল ৯টায় পুরোহিতরা বেলতলায় আসন গ্রহণ করে মন্ত্রোচ্চারণ শুরু করেন। একদিকে শাস্ত্রীয় অনুষ্ঠান, অন্যদিকে ভক্তদের উলুধ্বনি ও কাঁসর-ঘণ্টার শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে। সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শেষ হয়। এরপর ভক্তদের মাঝে শান্তির জল ছিটিয়ে দেওয়া হয় এবং শুরু হয় অঞ্জলি প্রদান।

পূজা শেষে পুরোহিত প্রার্থনায় সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন এবং বলেন, সব অমঙ্গল দূর হয়ে যেন প্রতিটি ঘরে শান্তি প্রতিষ্ঠিত হয়।

সনাতন শাস্ত্র অনুযায়ী, দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়ায়) মর্ত্যে এসেছেন এবং বিদায় নেবেন নৌকায়। পুরাণে বর্ণিত আছে, অশুভ অসুর শক্তিকে বিনাশ করে স্বর্গলোক পুনরুদ্ধারের লক্ষ্যে দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হয়েছিলেন দেবীবিনাশী দুর্গা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্যমতে, এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে পূজা হচ্ছে ২৫৮টি মণ্ডপে।
 
 
সর্বশেষ সর্বাধিক পঠিত