দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বোদা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির হাতে এসব অনুদানের বরাদ্দপত্র তুলে দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব বরাদ্দপত্র বিতরণ করা হয়। মন্দিরগুলোর উন্নয়ন, সংস্কার ও ধর্মীয় কার্যক্রমে সহায়তা করতেই এই অনুদান দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে একসঙ্গে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অনৈক্য সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করলে সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।