ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসী ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হামলার শিকার বাড়িটি গ্রামের শান্তামুড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে জহিরের। এলাকাবাসীর অভিযোগ, ওই বাড়ি থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছিল। সম্প্রতি মাদক নিয়ে প্রতিবাদ করায় গ্রামের দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করেন জহির। তাদের মধ্যে একজনের হাতে ১৫টি সেলাই দিতে হয়েছে।
এ ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেরে শুক্রবার সকালে শতাধিক মানুষ একত্রিত হয়ে জহিরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ঘটনার পর থেকে জহির আত্মগোপনে রয়েছে।
আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জহিরের বিরুদ্ধে ছয়টি মাদক মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।
তিনি আরো বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা সমাজের জন্য অশনিসংকেত। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।