মাঠের ফুটবলে লাল-ফোয়ারাদের নান্দনিক সৌন্দর্য প্রশংসা কুড়ালেও গ্যালারির একশ্রেণির দর্শকের অনভিপ্রেত আচরণ বড় ধরনের সমালোচনায় ঠেলে দিল। চলতি বছরের মার্চে মিসরের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ চলাকালে সমর্থকদের ‘ইসলামফোবিক’ বা ইসলামবিদ্বেষী স্লোগান দেওয়ার অভিযোগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ)-কে বড় অঙ্কের অর্থ জরিমানা ও ম্যাচ গ্যালারি আংশিক ফাঁকা রাখার নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ঘটনাটির সূত্রপাত ঘটেছিল চলতি বছরের ৩১ মার্চ বার্সেলোনায় এস্পানিওলের স্টেডিয়ামে অনুষ্ঠিত মিসর ও স্পেনের মধ্যকার ০-০ গোলে ড্র হওয়া প্রীতি ম্যাচটিতে। ম্যাচের ১০ ও ৪৭তম মিনিটে গ্যালারির একটি অংশ থেকে ‘যে লাফাবে না, সে একজন মুসলিম’ বলে উসকানিমূলক ও আপত্তিকর স্লোগান তোলা হয়। পরিস্থিতি সামাল দিতে ম্যাচের প্রথমার্ধের বিরতিতে স্টেডিয়ামের বড় পর্দায় বর্ণবাদবিরোধী বার্তা প্রদর্শনের পাশাপাশি মাইকেও দর্শকদের সতর্ক করে দেওয়া হয়েছিল।
তবে তদন্তের পর ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই আচরণকে সরাসরি ‘ধর্মভিত্তিক বৈষম্য ও বাদ দেওয়ার প্রবণতা’ হিসেবে আখ্যা দিয়ে আরএফইএফ-কে ২০ হাজার মার্কিন ডলার জরিমানা করে। একই সঙ্গে স্পেনের পরবর্তী হোম ফ্রেন্ডলি ম্যাচে গ্যালারির ১৫ শতাংশ আসন সাধারণ দর্শকদের জন্য বন্ধ রাখার কিংবা সেখানে পরিবার, শিক্ষার্থী ও বর্ণবাদবিরোধী সংস্থাকে বসানোর নির্দেশ দেওয়া হয়।
এদিকে নিজের ধর্মের প্রতি গ্যালারি থেকে উঠে আসা এমন আপত্তিকর আচরণের কঠোর নিন্দা জানিয়ে ঘটনার কিছুদিন পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে স্প্যানিশ এই উইঙ্গার লিখেছিলেন, ‘আমি বুঝি, সব সমর্থক এমন নয়। কিন্তু যারা এ ধরনের স্লোগান দেয়, তাদের বলব, স্টেডিয়ামের ভেতরে অন্যদের নিয়ে উপহাস করতে ধর্মকে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবাদী আচরণ। ফুটবল উপভোগ করার এবং উৎসাহ দেওয়ার জায়গা, মানুষ কে বা তারা কীসে বিশ্বাস করে—সেজন্য তাদের অনাদর বা অপমান করার জায়গা নয়।’
শাস্তির প্রক্রিয়ায় স্প্যানিশ ফেডারেশন যুক্তি দেখিয়েছিল যে 'মুসলিম' শব্দটি ইসলাম ধর্মানুসারীদের স্বাভাবিক পরিচিতি, যা নিয়ে পরবর্তীতে তারা আপিলও করে। কিন্তু ফিফার আপিল কমিটি সেই দাবি খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয় যে এই নির্দিষ্ট প্রসঙ্গে ধর্মীয় পরিচয়কে প্রতিপক্ষ দলকে হেয় ও বৈষম্য করার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
যদিও সমর্থকদের চিহ্নিত করার উদ্যোগ এবং তৎক্ষণাৎ গৃহীত প্রতিরোধমূলক পদক্ষেপের জন্য স্প্যানিশ কর্তৃপক্ষের প্রশংসাও করেছে ফিফা।
মর্যাদাপূর্ণ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসি