বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় ১৫ অক্টোবর পর্যন্ত ১১ হাজার ৯৫৯ কোটি ৮২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এ ছাড়া আরও ২ হাজার ৫৫৯ কোটি ৯৭ লাখ টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন। বিতরণ ও প্রক্রিয়াধীন মিলিয়ে মোট অর্থের পরিমাণ ১৪ হাজার ৫১৯ কোটি ৭৯ লাখ টাকা।
রবিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৫টি প্রাক্-অর্থায়ন ও পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এসব অর্থ দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রি-শিপমেন্ট ঋণ পুনঃঅর্থায়ন স্কিমে ৬ হাজার ৯১৭ কোটি টাকা এবং কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির বিশেষ স্কিমে ২ হাজার ৫০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের চলতি মূলধন তহবিল থেকে ৯০৭ কোটি ৭৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য ৫৬০ কোটি ৯৩ লাখ টাকা, সৃজনশীল অর্থনীতিতে ৫০০ কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ২৯২ কোটি ৯০ লাখ টাকা এবং বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টিতে ২০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠন ও স্টার্টআপ খাতেও অর্থ বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য ৯২৯ কোটি ৫০ লাখ টাকা, বেকার যুবকদের কর্মসংস্থানে ১ হাজার কোটি টাকা, পরিবেশবান্ধব শিল্পে ৫২৭ কোটি ৪৭ লাখ টাকা, চামড়াজাত পণ্য ও পাদুকা রপ্তানি খাতে ৯৮ কোটি টাকা এবং স্টার্টআপ খাতে ৫ কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন।