একই দিনে বন্দর নগরী চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দেশের এই দুই শীর্ষ রাজনৈতিক নেতা পৃথক কর্মসূচীতে অংশ নেবেন। তবে দুই নেতার কোথাও সাক্ষাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম দেশ রূপান্তরকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় চট্টগ্রাম আসবেন এবং নগরীর জে এম সেন হলে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করবেন। পরে তিনি হোটেল রেডিসনে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় মিলিত হবেন।
অন্যদিকে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানও একই দিন চট্টগ্রাম আসছেন। চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ দেশ রূপান্তরকে জানান, দলের কেন্দ্রীয় আমীর সকালে চট্টগ্রাম সফরে আসবেন। তিনি সকাল দশটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
একই দিনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক মহলেও চলছে নানামুখী আলোচনা।
এদিকে, দুই শীর্ষ রাজনৈতিক নেতার সফরকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ নজর রাখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রী জে এম সেন হলে পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
অন্যদিকে বিরোধীদলীয় নেতা জিইসি কনভেনশনে একটি সাংগঠনিক কর্মসূচীতে অংশ নেবেন। উভয় কর্মসূচী যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেভাবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।