নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বড় তফদার বাড়িতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলের ঘটনা ঘটেছে। সাধারণ এক আবাসিক গ্রাহকের ৫টি লাইট, ২টি ফ্যান, ১টি ফ্রিজ ও ১টি সিসি ক্যামেরার বিপরীতে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বিল করেছে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। এ বিল দেখে হতভম্ব হয়ে পড়েছেন ভুক্তভোগী।
পল্লী বিদ্যুৎ সমিতির নথি অনুযায়ী, ভুতুড়ে বিলের নিবন্ধিত গ্রাহক ওই বাড়ির মৃত আবু তাহের। তার মৃত্যুর পর তার নাতি শহিদুল ইসলাম রনি নিয়মিত বিল পরিশোধ করে আসছেন।
শহিদুল ইসলাম রনি অভিযোগ করেন, সেপ্টেম্বর মাসের বিলে ভ্যাট ও বিলম্ব মাশুলসহ মোট ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকার একটি ভুতুড়ে বিল পাঠানো হয়েছে। গত পাঁচ মাস ধরে তাদের ঘরে গড়ে মাত্র ১২৭ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। অথচ সেপ্টেম্বর মাসের বিলে সরাসরি ৬ হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে।
ভুক্তভোগী গ্রাহক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা নিয়মিত বিল পরিশোধ করে আসছি। চলতি মাসে বিদ্যুৎ বিলের কপি হাতে পেয়ে আমরা স্তম্ভিত। সাধারণ বাতি-ফ্যান চালিয়ে কীভাবে এক লাখ টাকার বেশি বিল আসতে পারে?’ পল্লী বিদ্যুতের বিল প্রস্তুতে নিয়োজিত কর্মীদের গাফিলতি ও চরম দায়িত্বহীনতার কারণেই এমন ভুতুড়ে বিল তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।
বিল হাতে পাওয়ার পর বিদ্যুৎ বিল বিতরণকারী কর্মীকে বিষয়টি জানানো হলে তিনি চাটখিল কার্যালয়ে গিয়ে বিল সংশোধন করে নেওয়ার পরামর্শ দেন। এতে আরও ক্ষুব্ধ হন শহিদুল ইসলাম।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তারা ভুল করবে, আর আমরা তা সংশোধনের জন্য তাদের দরজায় দরজায় ঘুরব—এটি কোন ধরনের আচরণ? আমি চাই, এই গাফিলতির জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’
এ বিষয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে মূল বিলের কপি পাঠানোর পর তিনি ভুতুড়ে বিলের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘এটি ভুলবশত হয়েছে। শিগগিরই আমাদের লোকজন ওই গ্রাহকের বাড়িতে গিয়ে মিটার পরীক্ষা করবেন এবং দ্রুত বিলটি সংশোধন করে দেওয়া হবে।’