গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরে পেট্রোলবোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।