শারদীয় দুর্গাপূজার মহানবমীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আয়োজিত বিশাল জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টা ২৫ মিনিটে তিনি সরাসরি জনসভাস্থলে পৌঁছান। প্রধানমন্ত্রী সভামঞ্চে প্রবেশ করতেই সেখানে উপস্থিত হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক করতালি ও স্লোগানে তাঁকে উষ্ণ সংবর্ধনা ও অভিবাদন জানান।
জনসভায় প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে উপস্থিত রয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এছাড়াও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরন করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা নিয়ে জনসভাস্থলে যাওয়ার পথে মহাসড়কের দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা হাজার হাজার উৎসুক মানুষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও বাসের ভেতর থেকে হাত নেড়ে সাধারণ মানুষের শুভেচ্ছার আন্তরিক জবাব দেন।
মাদ্রাসা মাঠের জনসভা শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন। রাজশাহীর এ সকল কর্মসূচি সুসম্পন্ন করে বিকেলেই বিমানযোগে বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উদযাপনে আজ সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন এবং রংপুরের ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন।