চার দিন আগে যে দলটিকে হারিয়েছিল, সেই পিডব্লিউডির কাছে এবার পয়েন্ট হারালো মোহামেডান। গত শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছিল মোহামেডান। আর আজ ফেডারেশন কাপে এগিয়ে গিয়েও সেই দলটির সঙ্গে ড্র করতে বাধ্য হয়েছে সাদা-কালোর জার্সি ধারীরা।
মুন্সীগঞ্জে গোলশূণ্য প্রথমার্ধের পর ৬১ মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। ফয়সাল ফাহিমের ডান দিক থেকে ক্রসে গোল কিপারের একেবারে সামনে থেকে পা লাগিয়ে বল জালে জড়ান মালির এই স্ট্রাইকার।
কিন্তু ৭২ মিনিটে পিডব্লিউডির ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়োহান মবিদা দুর্দান্ত এক ওভার হেড শটে গোল করে সমতা ফেরান এই ম্যাচে। শেষ পর্যন্ত এই স্কোরেই খেলা শেষ হয়।
বি গ্রুপের আরেক ম্যাচে সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বসুন্ধরা কিংস। সেই আক্রমণের সুফল পেতে খুব বেশি অপেক্ষাও করতে হয়নি তাদের।
১৭ মিনিটে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসনকে নিজেদের বক্সে ফাউল করেন সিটি ক্লাবের গাম্বিয়ান ডিফেন্ডার ফোদায়ে ডার্বো। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি আলমগীর সরকার। পরের মিনিটেই স্পটকিক থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন রবসন।
প্রথমার্ধেই ব্যবধন দ্বিগুণ করে কিংস। রাকিব হোসেনের শট ফিরিয়ে দিয়েছিলেন সিটি ক্লাবের গোলকিপার ইসহাক আকন্দ। কিন্তু বিপদ পুরোপুরি কাটাতে পারেননি। ফিরতি বল পেয়ে হেডে জালে পাঠান এমেকা ওগবুগ। প্রথমার্ধেই পাওয়া দুই গোলের ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে উঠে বসুন্ধরা কিংস। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান।
দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্সের লড়াই শেষ হয়েছে ২-২ গোলের সমতায়।