ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু

চলতি মাসের শুরুর দিকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা বিবেচনায় এই রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-দাম্মাম রুটে আবারও ফ্লাইট চলাচল শুরু করেছে।

চলতি মাসের শুরুর দিকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা বিবেচনায় এই রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

আগামী ২৫ অক্টোবর থেকে রিয়াদ রুটের ফ্লাইট পুনরায় চালু হবে, যা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১টা ২৫ মিনিটে রিয়াদের উদ্দেশে রওনা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। তবে মদিনাগামী ফ্লাইট নিয়মিত চলছে। 

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত