ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের প্রতি সমর্থন জানাতে বুধবার (২১ অক্টোবর) আকস্মিক সফরে রিয়াদে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে দেশে জ্বালানির উচ্চমূল্য নিয়ে বাড়তে থাকা অসন্তোষ সামাল দিতে উপসাগরীয় দেশগুলো থেকে তেল ও ডিজেল আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি। খবর ফ্রান্স ২৪।
চলতি মাসে হুথিদের হামলা তীব্র হওয়ার পর সৌদি আরবে পা রাখা প্রথম পশ্চিমা নেতা ম্যাক্রোঁ। তাঁর এই অঘোষিত সফরকে সৌদি আরবের প্রতি ফ্রান্সের জোরালো সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে। প্রায় প্রতিদিনই হামলার মুখে থাকা তেলসমৃদ্ধ দেশটির পাশে দাঁড়াতেই এ সফর বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে কেন্দ্র করে সপ্তাহান্তে সহিংস বিক্ষোভের পর ম্যাক্রোঁর এই উপসাগরীয় সফর শুরু হয়। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং দেশের বাজারে দাম কমানোই সফরের অন্যতম লক্ষ্য।
সফর নিয়ে ফ্রান্সে সমালোচনার মুখে সাংবাদিকদের ম্যাক্রোঁ বলেন, উত্তেজনা কমাতে এবং গ্যাসের দাম নিয়ে সৃষ্ট অসন্তোষ মোকাবিলায় তিনি নিজের দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, 'উদ্বেগ বা অস্থিরতার কোনো লক্ষণ দেখানো চলবে না। আমি আমার দায়িত্ব পালন করছি। আমি আমার কর্মস্থলেই আছি।'
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ জানিয়েছে, সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ম্যাক্রোঁ। এএফপির এক সাংবাদিকের তথ্য অনুযায়ী, সৌদি আরবে তিন ঘণ্টারও কম সময় অবস্থান করেন তিনি।
বৈঠকে ফ্রান্সে অতিরিক্ত ডিজেল সরবরাহের বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। প্রয়োজন অনুযায়ী যত মাস দরকার, তত মাস সৌদি আরব ফ্রান্সকে বাড়তি ডিজেল সরবরাহ করবে।
এ ছাড়া নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ এবং অবরুদ্ধ হরমুজ প্রণালি এড়িয়ে জ্বালানি পরিবহনের জন্য বিকল্প অবকাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন তাঁরা।
এর আগে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, সৌদি ভূখণ্ডে হুথিদের হামলার মুখে দেশটির প্রতি ফ্রান্সের সংহতি প্রদর্শন করাই এই সফরের উদ্দেশ্য।
হুথিদের হামলা মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছে সৌদি আরব। এর মধ্যেই বুধবার কাতারের রাজধানীতে সাংবাদিকদের ম্যাক্রোঁ জানান, লোহিত সাগরের তীরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইয়ানবু তেল রপ্তানি টার্মিনালকে হুথিদের হামলা থেকে রক্ষায় ফ্রান্স সেনা মোতায়েন করেছে।
একই সঙ্গে হুথিদের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর ওপরও গুরুত্ব দেন ফরাসি প্রেসিডেন্ট।