হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমন ব্যক্তিকেও এবার কলে আমন্ত্রণ জানানো যাবে। নতুন ‘গেস্ট কলিং’ সুবিধার মাধ্যমে অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপের অডিও ও ভিডিও কলে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। ফলে অনলাইন বৈঠক, পড়াশোনা কিংবা বন্ধুদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া আরও সহজ হবে।
যেভাবে কাজ করবে ফিচারটি : হোয়াটসঅ্যাপে কল করতে সাধারণত দুই পক্ষেরই অ্যাকাউন্ট থাকা প্রয়োজন হতো। নতুন সুবিধায় অ্যাকাউন্টধারী ব্যবহারকারী কলের লিংক তৈরি করে অন্যদের পাঠাতে পারবেন। আমন্ত্রিত ব্যক্তিরা লিংকটি ব্রাউজারে খুলে নিজের নাম লিখে কলে যোগ দেওয়ার অনুরোধ জানাতে পারবেন। তবে হোস্টের অনুমতি ছাড়া কলে প্রবেশ করা যাবে না। প্রয়োজনে হোস্ট কোনো অংশগ্রহণকারীকে সরিয়েও দিতে পারবেন।
একসঙ্গে ৩২ জনের অংশগ্রহণ : প্রকাশিত তথ্য অনুযায়ী, গেস্ট কলিংয়ের মাধ্যমে গ্রুপ কলে সর্বোচ্চ ৩২ জন অংশ নিতে পারবেন। কম্পিউটার থেকে যুক্ত হওয়া অতিথিরা স্ক্রিন শেয়ার করতে পারবেন। এ ছাড়া ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানানো এবং ‘রেইজ হ্যান্ড’ সুবিধায় কথা বলার আগ্রহ প্রকাশের সুযোগ থাকবে। হোয়াটসঅ্যাপের দাবি, কলগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। অতিথিরা অন্য অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখতে পারবেন না। তবে তাদের জন্য কিছু সীমাবদ্ধতা থাকবে। সুবিধাটি চালু হলে অ্যাকাউন্ট ছাড়াই অন্যদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করা আরও সহজ হবে।