এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্র। সম্ভাব্য এ তারিখের মধ্যে ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আলোচনা সভা রয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি দেশ রূপান্তরকে বলেন, আমরা এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। ২৩ তারিখ এ বিষয়ে আমাদের উচ্চ পর্যায়ের একটি মিটিং রয়েছে, যেখানে চূড়ান্ত তারিখ নির্ধারণ হতে পারে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, সাধারণত সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার ফলাফল প্রকাশের একটা রীতি আছে, এবারও তাদের সেরকম ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এর আগেও ফল প্রকাশ হতে পারে। কোনোভাবেই ২৯ তারিখ পেরোবে না। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।