সড়কে ঝরল চার প্রাণ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ এএম

দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রতিনিধিদের পাঠানো খবর।

শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের চালক। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যানবাহনের যাত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পার্শ্ববর্তী ঘিওর উপজেলার মৌহালী গ্রামের শাহিনের ছেলে ইয়াছিন (২০) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবুল (৩০)। জানা যায়, মৌহারী থেকে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে ইজিবাইকটি ইউটার্ন নেওয়ার সময় পাটুরিয়া থেকে ছেড়ে আসা সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। অন্য যাত্রীকে বাবুল গুরুতর আহত অবস্থায় মুন্নু হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিফাত (২০) নামে এক ইজিবাইক চালক ও শাহনাজ বেগম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক রিফাত উপজেলার মৈকুলি এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে ও শাহনাজ বেগম একই এলাকার মনির হোসেনের স্ত্রী। এ সময় আরও তিনজন যাত্রী আহত হন। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন।

চন্দনাইশ (চট্টগ্রাম) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে যাত্রীবাহী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রাইভেট কারের চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া সরকারি কলেজের উত্তর পাশে মহাসড়কের ওপর চন্দনাইশ ব্র্যাক আঞ্চলিক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ সর্বাধিক পঠিত