পতিত অপশক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রাশেদ খাঁন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম

বিরোধীদলের নেতাদের বক্তব্য ও আচরণকে দায়ী করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, তাদের আগ্রাসী অবস্থানের সুযোগ নিয়ে পতিত অপশক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুবকের ‘একটি মাত্র স্নাইপার দরকার ছিল’ মন্তব্যকে এর উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি অভিযোগ করেন, বিরোধীদলের নেতাদের বক্তব্যে আওয়ামী লীগের শাসনামলের গুম-খুন ও দলটির বিচার নিয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে না। বরং গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় জামায়াতে ইসলামীর আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জামায়াত ও এনসিপির বিরুদ্ধে বিএনপি সরকারের আট মাসের শাসনামলকে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের সঙ্গে তুলনা করে নেতিবাচক বয়ান তৈরির অভিযোগ তোলেন।

রাশেদ খাঁনের দাবি, এসব বক্তব্য ও অপপ্রচারের লক্ষ্যবস্তু করা হচ্ছে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার, মামলার মুখোমুখি হওয়া কিংবা নির্বাসিত জীবন কাটানো নেতারাও এ ধরনের সমালোচনা থেকে বাদ যাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, ৫ আগস্টের পরও বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের কেউ কেউ অতীতে আন্দোলন-সংগ্রামে সীমিত ভূমিকা রেখেও এখন নিজেদের দীর্ঘদিনের আন্দোলনের প্রধান অংশীদার হিসেবে তুলে ধরছেন। অথচ বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের তুলনায় তাঁদের ভূমিকা কম ছিল বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, বিরোধীদলের অনেক নতুন সংসদ সদস্যের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন বিএনপিকেই তাঁদের কাছ থেকে সেই ইতিহাস জানতে হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত