এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ভারতের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। দীর্ঘ অনুশীলনে ফিটনেস বৃদ্ধি আর কৌশলী লড়াইয়ের ধার বাড়িয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন লাল-সবুজ প্রতিনিধিরা। ভারতের পাঞ্জাবের জলন্ধর ও মোহালিতে আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত গড়াবে এই টুর্নামেন্ট।
সেখানে উদ্বোধনী দিনেই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে আশরাফুল বাহিনী। লিগ পর্বের সূচি অনুযায়ী এরপর ২৯ অক্টোবর জাপান, ৩০ অক্টোবর মালয়েশিয়া, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।
লিগ পর্ব শেষে আগামী ৪ নভেম্বর সেমিফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে, আর ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে লড়াই যে সহজ হবে না, তা বেশ ভালোভাবেই জানা আছে অধিনায়কের। তবে যেকোনো প্রতিপক্ষের সামনেই নিজেদের উজার করে দেওয়ার দৃঢ় প্রত্যয় তার কণ্ঠে। এ নিয়ে দেশ ছাড়ার আগে আশরাফুল বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছি। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং, তবে আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া এবং দেশের জন্য গৌরব বয়ে আনা।’
দক্ষ কোচিং স্টাফদের অধীনে নেওয়া এই নিবিড় প্রস্তুতির পর এখন মূল ময়দানে নিজেদের প্রমাণের পালা। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করায় শুরু থেকেই সেরাটা নিংড়ে দিতে প্রস্তুত অধিনায়ক আশরাফুল ও তাঁর সহযোদ্ধারা।
ম্যারাডোনা মৃত্যু মামলার রায় ২২ ডিসেম্বর