ভাতিজার অস্ত্রের আঘাতে চাচির মৃত্যু অভিযোগ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে ভাতিজা ফারুক হোসেনের ধারালো অস্ত্রের আঘাতে সোনা ভান নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সোনা ভান (৪৫) ওই গ্রা‌মের আব্দুল জ‌লিলের স্ত্রী। আহতরা হলেন অভিযুক্তের চাচা খলিল হোসেন (৫০), বোন মমিনা খাতুন (৩৫) ও ছোট ভাইয়ের স্ত্রী জোসনা বেগম (২৬)।

অভিযুক্ত ফারুক হোসেন (৩২) একই গ্রামের মৃত জয়নাল জোদ্দারের ছেলে ও দুবাই প্রবাসী। প্রায় তিন মাস আগে ছুটিতে দেশে ফেরেন।

স্বজনদের দাবি, দেশে ফেরার পর থেকে তিনি মান‌সিক বিকারগ্রস্ত হয়ে পড়েন এবং অসংলগ্ন কথাবার্তা বলতেন।

তারা জানায়,শুক্রবার দুপুরে ফারুক তার মা ও ছেলে মাহমুদুলকে একটি ঘরে আটকে রাখেন। তাদের উদ্ধারে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে ফারুক ধারালো অস্ত্র দিয়ে প্রথমে চাচি সোনা ভানকে কুপিয়ে জখম করেন। পরে তার চাচা খলিল হোসেন, বোন মমিনা খাতুন ও ছোট ভাইয়ের স্ত্রী জোসনা বেগমকে কুপিয়ে আহত করেন। এতে সোনা ভানের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন ফারুককে ধরে পুলিশে সোপর্দ করেন। আহত তিনজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত