তথ্য গোপন করে গুণী শিক্ষকের পুরস্কার নেওয়ার অভিযোগ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ এএম

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিনের বিরুদ্ধে তথ্য গোপন করে গুণী শিক্ষকের সম্মাননা নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক- ২০২৬’ সম্মাননায় ভূষিত হন। দীর্ঘদিনের শিক্ষকতা, নিষ্ঠা, সততা ও শিক্ষার প্রতি আন্তরিক অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে, গুণী শিক্ষক নির্বাচন ও সম্মাননা প্রদানে যেসব নীতিমালা রয়েছে সেখানে তিনি বিভিন্ন তথ্য গোপন করে গুণী শিক্ষকের সম্মাননা পেয়েছেন।

কলেজের একটি সূত্র জানায়, খিদিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেন মুকুল দীর্ঘদিন অসুস্থ থাকায় ২০১৭ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন একই কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুকউজ্জামান। তার বাড়ি গোপালগঞ্জ হওয়ায় জুলাই অভ্যুত্থানের পর স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে অধ্যক্ষের চলতি দায়িত্ব গ্রহণ করেন মো. নাজিম উদ্দিন। প্রায় পৌনে দুই বছর চলতি দায়িত্ব পালনের পর তিন মাস আগে তিনি নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদের অনুমোদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবনা পাঠান। যা এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, এরই মধ্যে তিনি নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিচয়ে বিভিন্ন সুবিধা গ্রহণ করছেন। বদলি সফটওয়্যারে কলেজের অধ্যক্ষের শূন্য পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া মো. নাজিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তিনি সরকারি বিধিমালা উপেক্ষা করে, সরকার বা যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ছাড়াই ২০১০ সালে কলেজের পাশে খিদিরপুর মডেল একাডেমি প্রতিষ্ঠা করে তার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ১৭-এর সুস্পষ্ট লঙ্ঘন।

জানা গেছে, গত ২ জুলাই অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের দুটি কক্ষে শতাধিক শিক্ষার্থীর ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিনসহ চার শিক্ষককে কর্তব্যে অবহেলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছিল।

এ ব্যাপারে মো. নাজিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক সাহেবের সাত বছর দায়িত্বপালনকালে আমিসহ কলেজের বিএনপিপন্থি ও ওনার মতের বাইরে যারা ছিলেন প্রত্যেককে নানাভাবে নির্যাতন ও হয়রানি করেছেন। গণঅভ্যুত্থান পরবর্তীতে তিনি নিজে থেকে পদত্যাগ করেন। পরে কলেজের মিটিংয়ে ২৭ শিক্ষকের মধ্যে ২৫ জনের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে আমাকে অধ্যক্ষের চলতি দায়িত্ব দেওয়া হয়। গত ২-৩ মাস আগে কলেজে রেজল্যুশন করে সর্বসম্মতিক্রমে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রস্তাব জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। যা অনুমোদনের অপেক্ষায়। আর গুণী শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে একজন এমপিওভুক্ত শিক্ষক হলেই হয়।

এদিকে বদলি সফটওয়্যারে তথ্য গোপন করা হয়নি দাবি করে নাজিম উদ্দিন বলেন, বদলি সফটওয়্যারে কোনো তথ্য গোপন করিনি। যা মাউশিতে হার্ড কপি ও সফট কপি দুটিই জমা দিয়েছি। এ ছাড়া খিদিরপুর মডেল একাডেমি আমার বড় ভাই প্রতিষ্ঠা করেছেন। সেখানে আমাকে অনারারি চেয়ারম্যান করা হয়েছে। সেখান থেকে কোনো সুবিধা গ্রহণ করি না। গত এইচএসসি পরীক্ষায় আমার কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষার কারণে যে শোকজ করা হয়েছিল তার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছি। তারপর আমাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ১৭ বছর নিজেকে নির্যাতিত দাবি করে তিনি বলেন, আমি ২০০৪ ও ২০২৫ সালে উপজেলার সেরা কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছি। ২০২৬ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছি। গত ১৭ বছর অনেক কাজ করেও কোনোদিন ব্যক্তিগত অর্জনকে সামনে আনার বা স্বীকৃতি পাওয়ার সুযোগ দেওয়া হয়নি। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের সমর্থক হওয়ায় বিভিন্নভাবে শুধু নির্যাতনের শিকার হয়েছি। সম্প্রতি আমি কলেজের ৭৬ শতাংশ জায়গা উদ্ধার করে একটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেছি। যা গত ৩০ বছরেও কেউ করতে পারেনি। তাই আমার পেছনে শত্রু তৈরি হয়েছে।

এ ব্যাপারে নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক দেশ রূপান্তরকে বলেন, গুণী শিক্ষক নির্বাচনে যেসব নীতিমালা রয়েছে তার সব সরকারি বিভিন্ন সংস্থা ও দপ্তরের দ্বারা যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত করা হয়। মো. নাজিম উদ্দিনের ক্ষেত্রে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে সে বিষয়ে আমার জানা নেই।

উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক- ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে মো. নাজিম উদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সংবর্ধনা, সনদপত্র, ক্রেস্ট ও ২ লাখ টাকা পুরস্কার গ্রহণ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত