শারীরিক সীমাবদ্ধতা অনেকের পথচলায় বাধা হয়ে দাঁড়ালেও দৃঢ় ইচ্ছাশক্তি আর দায়িত্ববোধ থাকলে সেই সীমাবদ্ধতাকে জয় করা সম্ভব। এমনই এক উদাহরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ। এক হাত না থাকার প্রতিবন্ধকতা নিয়েও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, ক্যাম্পাসের পরিবেশ ও কল্যাণমূলক কাজে তিনি নিয়মিত সক্রিয়।
আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ৬ হাজার ১৬৩ ভোট পেয়ে জয়ী হন।
দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করছেন মাসুদ। ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে তাকে সরব দেখা যায়। শারীরিক প্রতিবন্ধকতাকে নিজের দায়িত্ব পালনের পথে বাধা হিসেবে না দেখে বরং শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রেরণা হিসেবে নিয়েছেন তিনি।
মাসুদ বলেন, শারীরিক সীমাবদ্ধতা আমার জন্য একটি বাস্তবতা। এটাকে আমি শিক্ষার্থীদের কাজে বাধা হতে দেইনি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। সহপাঠী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজের শারীরিক সীমাবদ্ধতার কথা বিবেচনায় না এনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন মাসুদ। শিক্ষার্থীদের সমস্যা শুনে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি সমাধানের জন্যও কাজ করেন তিনি।