সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় ঘটনা ঘটে। তবে এ সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। তবে ভোর রাতে কে বা কারা আসিফ আকবরের গাড়িতে গুলি করল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।
এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে আসিফ আকবরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গাড়িতে গুলি লাগার পর তাকে সেখানে দেখা গেছে। এ সময় আসিফ আকবরকে পুলিশের কাছে ঘটনার বর্ণনা করতে দেখা যায়।
মাদক মামলায় খালাস পেলেন আসিফ আকবর
ফেসবুক ছাড়ার ব্যাখ্যা দিলেন আসিফ আকবর