পদ্মায় নিখোঁজের ২৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৫ ঘণ্টা পর বেসরকারি কোম্পানির এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস। তার নাম মো. মারুফ (৪০)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা নদীতে ভেসে উঠলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

তবে এখনো নিখোঁজ অন্য কর্মচারী মো. রাসেলের (৩৫) খোঁজ মেলেনি। মারুফের বাড়ি রাজধানীর খিলগাঁওয়ে এবং রাসেলের বাড়ি পটুয়াখালীতে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মালেক খসরু জানান, দ্বিতীয় দিনের মতো এদিন ভোর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ পদ্মায় নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করেন। বিকেল ৩টার দিকে উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের আধা কিলোমিটার দূরে মরদেহ ভেসে উঠতে দেখেন নৌ-পুলিশের সদস্যরা। পরে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা নিখোঁজ মারুফের মরদেহ উদ্ধার করেন।

এর আগে, গতকাল সোমবার দুপুর ২টার দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের নিচে গোসল করতে নামেন শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আট কর্মচারী। তাঁদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ হন। খবর পেয়ে ওই দিনই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত