ভূমিহীন মানুষের জীবন ও স্বপ্ন নিয়ে বেঙ্গল শিল্পালয়ে ‘প্রান্তিকের কল্পজগৎ’

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম

ভূমি, শ্রম, দৈনন্দিন জীবন ও সম্মিলিত সংগ্রামের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে ঢাকার বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে শিল্প প্রদর্শনী ‘প্রান্তিকের কল্পজগৎ’। অধিকারভিত্তিক সংগঠন নিজেরা করি’র ৪৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রদর্শনীটির উদ্বোধন করা হয়।

চিত্রশিল্পী আবুল বারক আলভী ও খুলনার ভূমিহীন নেত্রী রাহেলা বেগম প্রদর্শনীটির উদ্বোধন করেন। মাহবুবুর রহমানের কিউরেশনে আয়োজিত এ প্রদর্শনী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এটি। প্রদর্শনীর পাশাপাশি থাকছে ‘উইমেনস বায়োস্কোপ’।

খুলনার পাইকগাছা, নাটোরের বাগাতিপাড়া, নোয়াখালীর চরজব্বর ও টাঙ্গাইলের ধনবাড়ীর ভূমিহীন জনগোষ্ঠীর সদস্যরা বৃত্ত আর্টস ট্রাস্টের শিল্পীদের সঙ্গে যৌথভাবে শিল্পকর্মগুলো তৈরি করেছেন। ছাপা কাপড়, অ্যাপ্লিকের কাজ ও সফট স্কাল্পচারের মতো বিভিন্ন মাধ্যমে ফুটে উঠেছে তাঁদের জীবনযাপন, আনন্দ, টিকে থাকার সংগ্রাম এবং ভূমির সঙ্গে সম্পর্কের নানা দিক।

আয়োজকেরা জানান, ভূমিহীন জনগোষ্ঠীর সদস্য ও শহরের শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় ভাবনা ও শিল্পচর্চার অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসব শিল্পকর্ম তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে সমাজের প্রচলিত ক্ষমতাকাঠামো, বৈষম্য এবং বিকল্প ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে।

১৯৮০ সালে প্রতিষ্ঠিত নিজেরা করি বাংলাদেশের গ্রামীণ এলাকার ভূমিহীন নারী ও পুরুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। সংগঠনটির মতে, গান, নাটক ও শিল্পচর্চার মাধ্যমে মানুষ নিজের জীবনে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের প্রভাব উপলব্ধি করতে পারে। একই সঙ্গে তাদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষাও তৈরি হয়।

সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ তাদের কর্মএলাকায় ভূমিহীন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল ১১ হাজার ৫৮৩টি দল। এসব দলের সদস্যসংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৯১৭। এর মধ্যে নারী দল ছিল ৬ হাজার ৭৫৭টি। এসব সংগঠন প্রাকৃতিক সম্পদের ওপর অধিকার প্রতিষ্ঠা, সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা এবং নারীর অধিকার এগিয়ে নিতে কাজ করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত