পুলিশকে পক্ষপাতহীন দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

 দুই দশক পর চাকরিতে ২৪৬ পুলিশ সদস্য

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ এএম

প্রায় দুই দশকের অপেক্ষা। ২০০৬ সালে পুলিশে নিয়োগের জন্য নির্বাচিত হলেও চাকরিতে যোগ দিতে পারেননি ২৪৬ জন সার্জেন্ট-এসআই। ২০০৭ সালে বাতিল হয় নিয়োগের আদেশ। দীর্ঘ অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ করেছেন এই শিক্ষানবিশ সার্জেন্ট ও এসআই। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি পুলিশ সদস্যদের নিরপেক্ষ ও বৈষম্যহীন আচরণের আহ্বান জানান।

প্রশিক্ষণ শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করা এসব সার্জেন্ট ও এসআই ২০০৬ সালে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০০৭ সালে রাজনৈতিক বিবেচনায় তাদের নিয়োগের আদেশ বাতিল হয়। গতকাল সকালে পুলিশ একাডেমিতে কুচকাওয়াজ পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান জানান। কারও সঙ্গে দুর্ব্যবহার না করে সবার সঙ্গে মানবিক আচরণের নির্দেশ দেন তিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ মোকাবিলায় আইন অনুযায়ী পুলিশকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে। তাই আপনাদের প্রতি আমার নির্দেশনা হলো, দুর্ব্যবহার, পক্ষপাতদুষ্টতা ও পেশিশক্তির পরিবর্তে পেশাদারত্ব, দক্ষতা এবং মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করবেন। আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকবেন। অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, নিরপরাধ ব্যক্তির অধিকার সুরক্ষিত রাখবেন এবং তদন্ত ও আইন প্রয়োগের প্রতিটি পর্যায়ে নিরপেক্ষতা বজায় রাখবেন।

সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় যথেষ্ট ভালো রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকান্ড কিংবা পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। এরই মধ্যে পুলিশ বাহিনীর মনোবল পুরোপুরি ফিরে এসেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও পারিবারিক পরিচয় কিংবা রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। সংসদ সদস্যের ছেলে হলেও তাকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি। বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঘটনাটির তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, মরদেহ ময়না তদন্ত করা হচ্ছে। আরও বিস্তারিত জানার পরে এ বিষয়ে কথা বলব।

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারে এমন আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরছে না। দলটি নিষিদ্ধ ঘোষিত দল। জুলাইয়ের অভ্যুত্থানে হত্যাকান্ডের জন্য দলটি এখনো ক্ষমা চায়নি। বাংলাদেশের জনগণ তাদের গ্রহণ করবে না। আর কে কখন আসতে চাচ্ছে এটা নিয়ে আমরা বিচলিত নই। যে যখনই আসুক তাদের আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত