আইনমন্ত্রী বললেন

জুডিশিয়ারির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২৩ এএম

ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আয়েশি জজ যদি কেউ থাকেন তাদের এমন জায়গায় দেওয়া হবে যেখানে আপনারা আয়েশ করে চাকরিটা করতে পারবেন। ঢাকা, চট্টগ্রামসহ মহানগরগুলোতে মামলার চাপ অনেক। সেক্ষেত্রে এখানে যারা দক্ষতা দেখাতে পারবেন, দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারবেন আমরা বাছাই করে তাদের এসব জায়গায় পদায়ন করতে চাই।

গতকাল বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতের কনফারেন্স রুমে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিচার প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তরের মাধ্যমে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও দায়বদ্ধ বিচারব্যবস্থা গড়ে তোলা এবং ন্যায়বিচারে সহজগম্যতা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকায় ই-পারিবারিক আপিল আদালত উদ্বোধন করা হয়।

অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, আমাদের জুডিশিয়ারির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এআই। এআই দিয়ে জাজমেন্ট লিখতে গেলে বা সাক্ষ্য নিতে গেলে ন্যায়বিচার পরাভূত হওয়ার আশঙ্কা থাকবে। এআই এমনভাবে মানুষের কণ্ঠকে কপি করতে পারবে যা আগামী দিনে বিচারকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এআইকে মোকাবিলা করতে গেলে আপনাদের জুডিশিয়াল সেক্টরে আরও পারদর্শী হতে হবে।

বিচার বিভাগকে আস্থার জায়গায় আনার চেষ্টা করছেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আমরা ন্যায়বিচারের জায়গাকে মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গায় আনতে চাই। মানুষ যাতে মনে না করে বিচারকরা ন্যায়বিচার করছেন না বা তারা বিচারে পারদর্শী না।

অনুষ্ঠানে আইন সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, সিএমএম ও সিজিএম আদালতের সব ম্যাজিস্ট্রেট, মহানগর পিপি ওমর ফারুক ফারুকী, জেলা পিপি ইকবাল হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়া উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত