জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদফতরের পরিচালক এয়ার কমডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের টোকিওতে অবস্থিত নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার ঠিক আগমুহূর্তে ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭-এ এই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পুশব্যাকের পর ট্যাক্সি করার সময় বিমানটির স্পয়লারে রেড সিগন্যাল বা সতর্কবার্তা দেখা দিলে নিরাপত্তার স্বার্থে পাইলট উড্ডয়ন স্থগিত করেন। প্রায় ৫ ঘণ্টা ধরে প্রকৌশলীরা ত্রুটি মেরামত করার পর বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হতে সক্ষম হয়।
অফিস আদেশে বলা হয়, বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)-কে সভাপতি করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্য সচিব হিসেবে আছেন ব্যবস্থাপক (আইন বিষয়ক)। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটিকে কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা এবং এর ফলে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর সৃষ্ট প্রভাব নিরূপণ করতে বলা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা বা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করতেও নির্দেশ দেয়া হয়েছে।
বিমানে যান্ত্রিক ত্রুটি সারল, দেশের পথে প্রধানমন্ত্রী