ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার শিকার বাইন্যান্স

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে। প্রাথমিক হিসাবে এ হামলায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৩০ কোটি ডলার (৬.৩ বিলিয়ন), যা ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি।  
 
বিন্যান্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড টেং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটির একজন ডেভঅপস প্রকৌশলীর ল্যাপটপ হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার মাধ্যমে এ হামলার সূত্রপাত হতে পারে।

তবে তিনি জানান, এটি কোনো একক ক্লিকের মাধ্যমে চালানো সাধারণ হামলা ছিল না। বরং বেশ কয়েকটি ধাপ ও কৌশল ব্যবহার করে জটিলভাবে সাইবার আক্রমণটি পরিচালনা করা হয়েছে।

গ্রাহকদের আশ্বস্ত করে রিচার্ড টেং বলেন, 'আপনাদের অর্থ নিরাপদ রয়েছে। এ ঘটনায় যে ক্ষতি হয়েছে, তার পুরো দায়ভার আমরা নিচ্ছি।'

গত কয়েক বছরে ক্রিপ্টোকারেন্সি খাত একের পর এক বড় ধরনের সাইবার হামলার মুখে পড়েছে। এসব ঘটনায় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। অধিকাংশ ক্ষেত্রেই তদন্তকারীরা উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করে আসছেন।
 
ব্লকচেইনভিত্তিক গোয়েন্দা ও বিশ্লেষণ প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস জানিয়েছে, বিন্যান্সে চালানো হামলার বেশ কিছু বৈশিষ্ট্যের সঙ্গে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট আগের সাইবার হামলাগুলোর মিল রয়েছে। এর মধ্যে গত বছর ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিটে চালানো ১৫০ কোটি ডলারের হ্যাকিংয়ের ঘটনাও রয়েছে।

ক্রিপ্টোকারেন্সি এক ধরনের ডিজিটাল মুদ্রা। প্রচলিত টাকার মতো এর কোনো কাগজের নোট বা ধাতব মুদ্রা নেই। এটি মূলত ডিজিটাল তথ্যের মাধ্যমে লেনদেন করা হয়।

প্রচলিত মুদ্রার মতো কোনো কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সরাসরি নিয়ন্ত্রণে থাকে না ক্রিপ্টোকারেন্সি। বিকেন্দ্রীভূত এই ব্যবস্থার কারণে আর্থিক স্বাধীনতায় বিশ্বাসী অনেকের কাছে এটি জনপ্রিয়। তবে ক্রেতা-বিক্রেতার চাহিদার ওপর নির্ভর করে এর দাম দ্রুত ওঠানামা করে। ফলে এতে বিনিয়োগের ঝুঁকিও অনেক বেশি।

বিশ্বজুড়ে অসংখ্য স্বেচ্ছাসেবী কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে এসব লেনদেন যাচাই করেন। বিশেষ সফটওয়্যার ব্যবহার করে লেনদেনের সত্যতা নিশ্চিত করার পর তা ব্লকচেইনে স্থায়ীভাবে যুক্ত করা হয়।

বিন্যান্সে সাইবার হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে ক্রিপ্টোকারেন্সির দামেও পতন দেখা গেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম প্রায় ৫ শতাংশ কমে ৭৬ হাজার ৪০০ ডলারে নেমে এসেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত এক মাসের মধ্যে এটিই বিটকয়েনের সর্বনিম্ন দর।

শুধু বিটকয়েন নয়, অন্যান্য জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সিও দরপতনের মুখে পড়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ইথার, সোলানা ও এক্সআরপির দামও কমেছে।

সাইবার নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে বিন্যান্সের এই হামলা বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি বাজারের নিরাপত্তা ও বিনিয়োগকারীদের আস্থার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত