গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবাসহ টিটু সরকার (২৯) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সাজা দেওয়ার পর পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়।
টিটু সরকার উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের ছইমুদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশরাফুল ইসলাম। তিনি মোবাইলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। রাত ১২টার দিকে উপজেলা শহরের খাদ্যগুদাম এলাকা থেকে টিটু সরকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারের বিষয়টি ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানকে জানানো হয়।
এরপর আজ শনিবার (৩১ অক্টোবর) ইউএনও মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টিটু সরকারকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। সাজা শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।