পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতি বোর্ডের আগামী ২ নভেম্বরের সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করে আগামী ৬ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও পদোন্নতি বোর্ডের সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত সভাটি আগামী ৬ নভেম্বর পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং পদোন্নতি সংক্রান্ত কার্যক্রমের অংশ হিসেবে এ বোর্ড সভা আহ্বান করা হয়েছিল।