যুব দিবসে মুরাদনগরে ১০ লাখ টাকার ঋণ বিতরণ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদ্‌যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমকে উৎসাহিত করতে ১০ জন যুবক-যুবতীর মাঝে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মুরাদনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন।

এতে আরও বক্তব্য রাখেন, ​উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, ​যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, ​যুব সংগঠক এ কে এম নেয়ামুল হক, ​সফল আত্মকর্মী মো. জাহিদ।

সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের প্রধান চালিকা শক্তি। তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করা এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব। তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এজন্য যুবকদের কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ সহায়তা আরও বাড়িয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন বক্তারা।

​এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত ১০ জন তরুণ উদ্যোক্তার হাতে মোট ১০ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত