অভিযোগ গঠনের শুনানি ১২ নভেম্বর

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ এএম

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলাচত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ব্যাপক হত্যাকা-ের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১২ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। গতকাল রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এদিন ধার্য করেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। তবে সেদিন আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করা হয়। একই ধারাবাহিকতায় গতকাল বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় ওঠে। কিন্তু এক আসামির অসুস্থতার কারণে শুনানি আবারও পিছিয়ে দেওয়া হয়।

গতকাল এ মামলার শুনানির দিন ধার্য ছিল। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের জানান, মামলার আসামি সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনালে দেওয়া প্রতিবেদনে জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না। এ কারণে অভিযোগ গঠনের শুনানি হয়নি। আদালত শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছে।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি ৪১ জন। মামলায় গ্রেপ্তার ১১ আসামি হলেনÑ সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, দীপু মনি ও হাসানুল হক ইনু; সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু; সাবেক আইজিপি একেএম শহীদুল হক; সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান; সাবেক ডিআইজি আব্দুল জলিল ম-ল; ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির; একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা। অন্যদিকে, মামলার ৩০ আসামি পলাতক রয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশে মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশে অভিযান চালানো হয়। এতে তৎকালীন সরকারের পুলিশ, বিজিবি, র‌্যাব এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা অংশ নেন। অভিযানে শিশুসহ আলেম-ওলামাদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয় বলে তদন্তে তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে প্রসিকিউশন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা নিয়ে প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজতের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ দাখিল করেন। প্রাথমিক অভিযোগে ২১ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে শুনানি শেষে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত