দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে ২ শিশু মারা গেছে। সব মিলিয়ে ডেঙ্গু ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু হলো। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু ও হামবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৯২৯ জন। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৮৩১ জন, বরিশাল বিভাগে ২১৩, চট্টগ্রামে ২৫৭, খুলনায় ২৫৯, ময়মনসিংহে ৯২, রাজশাহীতে ১৮৫, রংপুরে ৭৩ এবং সিলেটে ১৯ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বর্তমানে হাসপাতাল অসুস্থ হয়ে ভর্তি রয়েছে ৬ হাজার ১১৪ জন। আর হাসপাতাল থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।
এদিকে, গতকাল হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৩ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৬৪ শিশু। সব মিলিয়ে হামের নতুন রোগী ১ হাজার ৪১৭ শিশু। এই নিয়ে সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে এক হাজার ২৫৪ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১ আজার ১৪৯ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৯৪৮ শিশু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ৩০ হাজার ১৩ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৩ হাজার ৯৩৫ জন।