শান্তিরক্ষা মিশনে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের বিমানবাহিনী প্রধানের ব্রিফিং

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম

বাংলাদেশ বিমানবাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইউটিলিটি অ্যাভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের প্রতিস্থাপন করতে যাচ্ছে। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল রবিবার ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের শৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনীর ৪টি এমআই সিরিজ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ ১৩৪ সদস্য ডি আর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছেন। ইউটিলিটি অ্যাভিয়েশন ইউনিট-২৩ দলটি তাদের স্থলাভিষিক্ত হবে। এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমোডর এ টি এম ইরফানুর রহমান। এর আগে গত ২৮ অক্টোবর কন্টিনজেন্টের ২৩ সদস্য ঢাকা থেকে কঙ্গোতে গমন করেছেন। কন্টিনজেন্টের অবশিষ্ট ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর উদ্দেশে যাত্রা করবেন। আইএসপিআর

সর্বশেষ সর্বাধিক পঠিত