দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সুজাতা আজিম। সম্প্রতি ‘প্রথম প্রেমের গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে পর্দায় হাজির হয়েছেন তিনি। নাটকটি প্রচার হচ্ছে ‘নাফ এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে। পরিচালনা করছেন তানভীর তন্ময়। এতে নিলয় আলমগীরের দাদির চরিত্রে অভিনয় করছেন সুজাতা।
ফিরে আসা প্রসঙ্গে সুজাতা বলেন, ‘প্রথম প্রেমের গল্প’ নাটকের গল্প ও নিজের চরিত্রটি তার ভালো লেগেছে। ধারাবাহিকের শুরু থেকেই তিনি যুক্ত আছেন। পরিচালক তানভীর তন্ময়ের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতাও ভালো। তার মতে, পরিচালক বেশ পরিশ্রমী এবং শিল্পীদের প্রতি যতœবান।
সুজাতা বলেন, ‘আমি অভিনয়ে নিয়মিত হতে চাই। একটা সময় কাজের মধ্যেই কেটেছে। এখন অনেক অবসর। এভাবে থাকতে চাই না। কাজের মধ্যে থাকলেই আনন্দ পাই।’
তিনি জানান, এরই মধ্যে সেলিম রেজা ও সুমন মেহেদীর পরিচালনায় আরও দুটি নাটকের কাজ শেষ করেছেন। পাশাপাশি ‘ক্যালেন্ডার’ নামের একটি সিনেমায়ও অভিনয় করছেন।
সুজাতার প্রকৃত নাম তন্দ্রা মজুমদার। কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই অভিনেত্রীর চলচ্চিত্রে যাত্রা শুরু ওবায়দুল হক পরিচালিত ‘দুই দিগন্ত’ সিনেমার একটি নৃত্যে অংশ নেওয়ার মধ্য দিয়ে। পরে সালাহউদ্দিন তার নাম রাখেন সুজাতা। ‘রূপবান’ সিনেমার অভাবনীয় সাফল্যে রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি। এরপর তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন সুজাতা।