বিগব্যাশে মোস্তাফিজকে ঘিরে বিশেষ আয়োজন মেলবোর্নের

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন বাংলাদেশি তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। শুধু মাঠের লড়াই নয়, মোস্তাফিজকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটির জন্যও থাকছে বিশেষ চমক।

বিগ ব্যাশের ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠ মাতাবেন বাংলাদেশি এই বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত এই বোলার বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে শিকার করেছেন ৪০০টিরও বেশি উইকেট।

মোস্তাফিজের আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, অর্থাৎ এমসিজিতে, বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে বিশেষ ‘দ্য ফিজ বে’ আয়োজন

লাল-সবুজের সমর্থকদের এক ছাতার নিচে এনে গ্যালারি মাতানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে রেনেগেডস। সেই সাথে থাকছে টিকিটেও বিশেষ ছাড়। ওই ম্যাচে 'FIZZBAY' প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কেনার ক্ষেত্রে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।

বিগ ব্যাশে অভিষেকের অপেক্ষায় থাকা মোস্তাফিজও উচ্ছ্বসিত। দলে যোগ দেওয়ার আগে জানান, প্রথমবার মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছেন তিনি। ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামা তার জন্য বিশেষ কিছু। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই এখন তার লক্ষ্য।

এদিকে মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকির বিশ্বাস, মুস্তাফিজের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার সামর্থ্য দলের শক্তি বাড়াবে।

আইএলটি-টোয়েন্টির ব্যস্ততা শেষ করেই রেনেগেডস শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের এই তারকা পেসারের।

বিশ্ব ক্রিকেটে কাটারের জাদুতে বহুবার প্রতিপক্ষকে চমকে দিয়েছেন মোস্তাফিজ। এবার সেই জাদু দেখার অপেক্ষায় মেলবোর্ন। আর এমসিজির গ্যালারিতে লাল-সবুজের উচ্ছ্বাস ছড়িয়ে দিতে দারুণ সুযোগ পাচ্ছেন মেলবোর্নে থাকা প্রবাসী বাংলাদেশিরাও।

সর্বশেষ সর্বাধিক পঠিত