হামের টিকা কেনা ও বিতরণে ‘বিলম্ব, অনিয়ম, ব্যর্থতায়’ অন্তর্বর্তীকালীন সরকারের ‘দায় দায়িত্ব‘ নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট জারি করেছে।
কমিটির প্রধান করা হয়েছে, হাই কোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। তদন্ত কমিশনের দুই সদস্য হলেন- বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
তদন্ত কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিশন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ২০২৪ সালের ৮ অগাস্ট থেকে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পর্যনর্ত সময়কালে হামের টিকা বিষয়ক ‘দায়-দায়িত্ব’ নির্ধারণের কাজ করবে।