প্রধানমন্ত্রীর খুলনা ও বাগেরহাট সফর আজ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে আসছেন। মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। আজ বেলা ৩টায় খুলনা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে তিনি একযোগে দেশের ৫০৩টি উপজেলায় নতুন কুঁড়ির দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন। সারা দেশে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করছে। এ ছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.) মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর এ সফর ও উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুনরূপে সেজেছে খুলনা। শহরজুড়ে বইছে উৎসবের আমেজ। এবার প্রথম সরকারপ্রধানের আগমনে যত্রযত্র তোরণ, ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে না। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ সকালে হেলিকপ্টারযোগে মংলায় যাবেন, সেখানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে খুলনার সার্কিট হাউজে বিরতি নিয়ে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে মূল অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়ামসহ ভিআইপি যাতায়াতের বিভিন্ন সড়ক, মোড় ও স্থাপনা নতুন রঙে রাঙানো হয়েছে। নগরীর সরকারি প্রতিষ্ঠানের দেয়ালগুলোতে বিশ^ ঐতিহ্য সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, মোংলা বন্দর, পাটকল, এ অঞ্চলের খ্যাতিমান বিজ্ঞানী, শিল্পী, ইতিহাস-ঐতিহ্যের গ্রাফিতি মুগ্ধতা ছড়াচ্ছে। এ ছাড়া শহরজুড়ে তোরণ নির্মাণ, আলোকসজ্জা করা হয়েছে এবং ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।

সবচেয়ে আকর্ষণীয়ভাবে সেজেছে খুলনা জেলা স্টেডিয়াম। স্টেডিয়ামের দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে স্থানীয় ঐতিহ্য, রয়েল বেঙ্গল টাইগার, চিংড়ি চাষ এবং জাতীয় ব্যক্তি বর্গসহ নানা বর্ণিল ম্যুরাল ও গ্রাফিতি। স্টেডিয়ামের প্রবেশপথকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করতে নতুন পাঁচিল নির্মাণ করা হচ্ছে, প্রবেশপথের ফ্লোরে টাইলস ও আউটারে সৌন্দর্যবর্ধনের জন্য সবুজ গাছের সমারোহ বাড়াতে ব্যাপকসংখ্যক গাছ লাগানো হয়েছে। নতুন শৈলীতে সাজানো হয়েছে স্টেডিয়ামের মূল ফটক। সেখানে অকর্ষণীয়ভাবে স্টেডিয়ামের নাম লেখা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লাগানো সব তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে নেতাকর্মীদের লাগানো ফেস্টুন। এবারই প্রথম সরকারপ্রধানের আগমনে যত্রযত্র তোরণ, ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে না। সেই স্থানে কেসিসির সুসজ্জিত কাটআউট বাড়তি একটি আকর্ষণ তৈরি করেছে। খুলনা জেলা স্টেডিয়াম, রেলস্টেশন, হাদিস পার্ক ও সোসাইটি সিনেমা হলের দেয়ালে গ্রাফিতি আঁকা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৩০ শিক্ষার্থী এবং নগরীর ২৫ জন শিল্পী গত সাতদিন ধরে বিরামহীনভাবে এ কাজ করছেন। খুলনার ঐতিহ্য সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, সোনালী আঁশ ও চিংড়ির চিত্রকর্ম রংতুলিতে ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে নতুন এক খুলনা শহর দেখছে মানুষ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায় থেকে শিশু ও কিশোরদের খেলাধুলার প্রতিভা বিকাশে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এ এবার রেকর্ডসংখ্যক ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছেন। আগামীকাল খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন, যা একযোগে দেশের ৫০৩টি উপজেলায় সম্প্রচারিত হবে।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, ‘প্রধানমন্ত্রীকে স্মরণকালের সেরা সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। রূপসার কুদির বটতলা থেকে শুরু করে রূপসা বাইপাস সড়ক হয়ে শেরেবাংলা রোড দিয়ে পাওয়ার হাউজ মোড় ঘুরে জেলা স্টেডিয়াম পর্যন্ত সুদীর্ঘ সড়কের দুই পাশে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে।’

খুলনার জেলা প্রশাসক হুড়ে জান্নাত বলেন, প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে খুলনাবাসীর মধ্যে উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘খুলনাকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। গত ১২ দিনে প্রায় সহস্রাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গত ১২ দিন ধরে মহানগরীর প্রবেশপথের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি উম্মুক্ত স্থানের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে শহরকে পরিচ্ছন্ন রাখতে ব্যানার-তোরণ দিয়ে না ঢেকে পরিবেশবান্ধব উপায়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।’

বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা : বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।  জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। গত দুদিন ধরে দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে বাগেরহাটবাসীকে জানান দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে দেখতে হাজার হাজার নেতাকর্মী সমর্থক মহাসড়কের দুপাশের রাস্তায় অবস্থান নেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। আগামীকাল ৫ নভেম্বর সড়ক পথে দুপুর পৌনে ১টায় বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.)- এর মাজার জিয়ারত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার কথা রয়েছে। তিনি ১টা ১৫ তে  সড়ক পথে খুলনার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। এর আগে তিনি হেলিকপ্টারযোগে মোংলা বন্দরে পৌঁছে সরকারি নানা অনুষ্ঠানে যোগ দেবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত