এমপিওভুক্ত শিক্ষকদের আলটিমেটাম

ডিসেম্বরের মধ্যে তিন দাবি পূরণ না হলে আন্দোলন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ এএম

অবিলম্বে বদলির আদেশ জারি, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতার তিন দফা দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে দাবিগুলো পূরণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সরকারকে আলটিমেটাম দিয়েছেন তারা।

গতকাল বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, দেশের ৬ লাখেরও বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে এসব দাবি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন। অনেক শিক্ষক পরিবার থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। তাদের দুর্ভোগ লাঘবে দ্রুত বদলির আদেশ জারি করতে হবে।

অধ্যক্ষ আজিজী জানান, দেশের শিক্ষাব্যবস্থার বড় একটি অংশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। অথচ একই ধরনের শিক্ষাগত যোগ্যতা, দায়িত্ব ও পেশাগত মর্যাদা থাকা সত্ত্বেও বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতায় তাদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাওয়ার কথা উল্লেখ করে আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ ভাতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে অধ্যক্ষ আজিজী বলেন, শুধু আশ্বাস কিংবা অনির্দিষ্ট সময়ের প্রতিশ্রুতিতে তারা সন্তুষ্ট নন। আগামী ৩০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে তিন দফা দাবি পূরণে সুনির্দিষ্ট ঘোষণা ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত