যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধের ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। খবর রয়টার্স।
বুধবার (৪ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচনে পরাজয়ের পেছনে ইরান যুদ্ধেরও ভূমিকা ছিল বলে তিনি মনে করেন। একই দিন ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বলেন, ইরান যুদ্ধ পরাজয়ের অন্যতম একটি কারণ।
তবে নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পরও ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেননি ট্রাম্প। নির্বাচনী প্রচারে নতুন কোনো যুদ্ধে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রতিশ্রুতির বিপরীতে ইরানে হামলার সিদ্ধান্তকে এখনো সঠিক বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট।
ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, তিনি সঠিক কাজটিই করেছেন। আবারও সুযোগ পেলে একই সিদ্ধান্ত নিতেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এখন নবম মাসে গড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে এটি বেশ অজনপ্রিয়। নির্বাচনী প্রচারে দেশজুড়ে ডেমোক্র্যাট প্রার্থীরা অভিযোগ করেন, এই যুদ্ধের কারণে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে।
যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়েও বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন ট্রাম্প। কখনো ইরানে মার্কিন সামরিক হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছেন, আবার কখনো বলেছেন, চাইলে যেকোনো সময় এই সংঘাতের অবসান ঘটাতে পারেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছে ইরান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘আমেরিকানরা যুদ্ধকে না বলেছে, আমরাও এই বার্তাকে সমর্থন করি।’