রমজানে ১১ পণ্য আমদানিতে বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে ১১টি পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার সময় আমদানিকারকদের আর শতভাগ নগদ মার্জিন জমা রাখতে হবে না।

রোববার (৮ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগে কিছু ভোগ্যপণ্য আমদানির এলসি খোলার ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন রাখার নির্দেশনা ছিল। তবে রমজানকে সামনে রেখে এসব পণ্যের চাহিদা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট ১১টি পণ্য আমদানির ক্ষেত্রে শতভাগ মার্জিন বাধ্যতামূলক থাকছে না।

ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এসব পণ্যের এলসি খোলার সময় মার্জিনের হার যথাসম্ভব কম রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের আশা, আমদানি প্রক্রিয়ায় এ ছাড়ের ফলে বাজারে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সহায়ক হবে।

সুবিধার আওতায় থাকা পণ্যগুলো হলো-চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর। এসব পণ্য আমদানিতে এখন থেকে আমদানিকারকদের শতভাগ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত