মুন্সীগঞ্জের শ্রীনগরে জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. রেজাউল বারী (৪৭) নামে মসজিদের এক খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে শ্রীনগর বাজার এলাকা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রেজাউল বারী শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে তার বাড়ি।
পুলিশ ও কিশোরীর পরিবার জানান, জিনের আছর করেছে ধারণা থেকে ১৩ বছর বয়সী অসুস্থ এক কিশোরীর পরিবার চলতি বছরের ২০ সেপ্টেম্বর মসজিদের খতিব রেজাউলের শরণাপন্ন হন। ওই সময় কিশোরীকে তাবিজ দেন সেই খতিব। এতে কিছুদিন সুস্থতা বোধ করেন কিশোরী। কিন্তু কয়েকদিন পরই আবার অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় খতিবের সঙ্গে যোগাযোগ করেন পরিবারটি। খতিবের কথামত গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে কিশোরীকে সঙ্গে করে তার মা-বাবা শ্রীনগর বাজার এলাকায় খতিবের ভাড়া বাসায় ছুটে যান। পরে জিন হাজির করার কথা বলে কিশোরীকে একটি কক্ষে নিয়ে ঘর অন্ধকার করে দেন ওই খতিব।
কিশোরীর মা-বাবার অভিযোগ, ওই রাতে জিন তাড়ানোর কথা বলে অন্ধকার ঘরের ভেতর বিভিন্ন কৌশলে তাদের মেয়েকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। পরে তারা রাতেই শ্রীনগর থানা পুলিশের কাছে অভিযোগ করেন।
শ্রীনগর থানার ইন্সপেক্টর তদন্ত মিল্টন দত্ত জানান, যৌন নিপীড়নের শিকার কিশোরীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালান। এ সময় শ্রীনগর বাজার এলাকা থেকে অভিযুক্ত খতিব রেজাউলকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
ফরিদপুরে ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড